জলঢাকায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন করলেন এমপি সালাফী
নীলফামারীর জলঢাকায় পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার থানামোড়ে অবস্থিত অফিসটির উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন এবং এনসিপির নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুর রহমান সানা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আমাদের চারপাশে ঘটে যাওয়া সব ভালো-মন্দ আমরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারি। সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট কার্যালয় থাকা অত্যন্ত জরুরি। আমি এই রিপোর্টার্স ইউনিটির অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র ও সরঞ্জামাদির ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।” তিনি সাংবাদিকদের কোনো মহলের পরোয়া না করে নির্ভয়ে এবং দল-মতের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, জলঢাকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে ২০১৬ সালে এই রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments