Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মহসিন (১১) নামে এক মাদ্রাসাছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উজির আলী হাজী বাড়ির পাশের একটি বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন ওই এলাকার দেলোয়ার হোসেন ও সেলিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। সে স্থানীয় কালুপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা দেলোয়ার হোসেন জানান, সকালে মহসিন দীর্ঘক্ষণ মোবাইল ফোন দেখছিল। জুমার নামাজের আগে তাকে গোসল করতে বললে সে জানায়, আগে একটু খেলতে যাবে। এরপর সে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে আর খেলার মাঠে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বিলে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। তিনি আক্ষেপ করে বলেন, "আমার ছেলে সাঁতার জানত না। এ কারণে বাড়িতেই গোসলের জন্য টিউবওয়েল স্থাপন করে দিয়েছিলাম, যাতে তাকে পুকুরে বা বিলে যেতে না হয়।"

৫ নং চন্ডিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহিম খলিল তুফান জানান, পরিবারের লোকজনের চিৎকার শুনে তিনি ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এরপর বিলের পানিতে মহসিনকে ভাসতে দেখে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে মহসিনের বাবা-মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই মাদ্রাসাছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর