Image description

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম কালি সাধন, তিনি উপজেলার পাঁচরুখী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় পাঁচরুখী শেখেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়েছিল। এ সময় অভিযুক্ত কালি সাধন তাকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজনরা দ্রুত বিষয়টি বারহাট্টা থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কালি সাধনকে আটক করে থানায় নিয়ে যায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি এবং অভিযোগকারী পক্ষ বর্তমানে থানায় রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর