Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বাঁশখালী, হাটহাজারী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রস্তুতি নিখুঁত করতে দিনরাত এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রকৌশলীদের নিয়ে সরেজমিনে প্রতিটি প্রস্তুতি তদারকি করছেন তিনি। মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, পুনর্বাসন ঘরের মান, নিরাপত্তা প্রটোকল এবং ট্রাফিক ব্যবস্থাপনা—সবকিছুই খুঁটিয়ে দেখছেন জেলা প্রশাসক।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ৯ আগস্ট চট্টগ্রাম এসে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারীর মানুষের খোঁজখবর নেবেন। বাঁশখালীতে ১০০টি বন্যাকবলিত পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও ত্রাণসামগ্রী হস্তান্তর এবং হাটহাজারীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন তিনি।

প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল, রানওয়ে সংলগ্ন এলাকা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। পরে তিনি হাটহাজারীতে গিয়ে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। এরপর হাটহাজারী সরকারি কলেজের অনুষ্ঠানস্থল পরিদর্শন করে মঞ্চ নির্মাণ ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এর আগে বুধবার তিনি বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থল এবং বন্যাকবলিতদের জন্য নির্মিত পুনর্বাসন ঘরগুলো পরিদর্শন করেন। প্রতিটি ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে চট্টগ্রামে আসছেন। তাঁর এই সফর যেন নির্বিঘ্ন ও সফল হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পুরো দল সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব সংস্থা নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে।”

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর