Image description

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশের ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে একে অপরের ফুফাতো-মামাতো ভাই।

নিহত নাবিল মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে এবং তাওহীদ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নোয়াদিয়া এলাকায় সড়কের পাশে ঘুরতে বের হয় দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত সড়কের ধারের একটি গভীর ডোবায় পড়ে যায় নাবিল। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তাওহীদও পানির নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর একটি নিথর দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে যান। উদ্ধারকারী ব্যক্তিরা জানান, ভেসে ওঠা শিশুটিকে পানি থেকে তোলার সময় দেখা যায় পানির নিচে সে অন্য শিশুটির হাত শক্ত করে ধরে আছে। পরে স্থানীয়রা ডুবন্ত অবস্থায় থাকা অন্য শিশুটিকেও উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে দুই শিশুকে পার্শ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত দুই শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মানবকণ্ঠ/ডিআর