Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আব্দুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে মাত্র ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ইতিপূর্বে কয়েক দফা স্থানীয় সালিশি বৈঠক ও ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। সোমবার দুপুরে শুক্কুর আলী ও তার পক্ষের লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে হালচাষ শুরু করলে শহিদুল ইসলাম ও তার স্বজনেরা বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে শহিদুল ইসলামকে মাছ ধরার সরঞ্জাম 'কোঁচ' দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারামারি ও হত্যাকাণ্ডে জড়িত ১৭ জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আজ মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং একজন নিহত হন। আমরা বর্তমানে এলাকার পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে আসামির সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এছাড়া পলাতক আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ডিআর