Image description

জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জিতারপুর এলাকার ওই আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, কোনো এক সময়ে ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন আখক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছিল।

এদিকে, উদ্ধার হওয়া কঙ্কালের পাশে থাকা পোশাক দেখে সেটিকে নিখোঁজ হওয়া এক অটোভ্যান চালকের দেহাবশেষ বলে দাবি করছে তার পরিবার। নিহতের পরিবারের সদস্যদের দাবি, উদ্ধারকৃত কঙ্কালটি নিখোঁজ ভ্যানচালক ফরিদের। পোশাক দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষার ওপর জোর দিচ্ছে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির জানান, মরদেহটি পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি নারী না পুরুষের, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর