Image description

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন ওড়িশা উপকূল এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গলবার ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টি ও বাতাসের কারণে উপকূলীয় নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ডিআর