Image description

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শন করেছেন। উত্তরবঙ্গের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানায় পৌঁছান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাস বাংলাদেশের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ, ফাউন্ড্রি, প্রোডাকশন বিভাগ ও রেলওয়ে জাদুঘরসহ বিভিন্ন শপের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। রেলওয়ে কারখানার পরিদর্শন শেষে তিনি সৈয়দপুরের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন চিনি মসজিদ এবং স্থানীয় খ্রিস্টান চার্চ পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ, ডাব্লুএম মমতাজুল ইসলাম, নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা এবং সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিআর