Image description

মাদারীপুর সদর উপজেলায় এক ইতালি প্রবাসীর বাড়ির পেছনের কক্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রবাসীর খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করেছে পুলিশ।

আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে। তিনি ওই বাড়ির মালিক ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার খালাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে রাজ্জাক মোল্লার বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় টিনশেড ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে যায় এবং ওই কক্ষে থাকা অন্তত দুইজন গুরুতর আহত হন। বিকট শব্দের কারণে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সালাউদ্দিন গাজীকে আটক করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই কক্ষে বসে হাতবোমা তৈরির সময় অসাবধানতাবশত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আহত ব্যক্তিরা গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন এবং কোনো সরকারি হাসপাতালে ভর্তি হননি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য একাধিক টিম কাজ করছে। আটক সালাউদ্দিন গাজীকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। আহতদের সন্ধানে পুলিশি তল্লাশি অব্যাহত রয়েছে।

ডিআর