পুঠিয়া-বানেশ্বর হাইওয়ে সড়ক অবরোধ করে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কৃষি সমৃদ্ধ অঞ্চল রাজশাহী পুঠিয়ায় চলতি মৌসুমে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকদের ক্ষোভ থেকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া-বানেশ্বর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও আন্দোলন করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি সারের কৃত্রিম সংকট নিরসন ও সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়ার দাবিতে ৭ সেপ্টেম্বর সোমবার পুঠিয়া বানেশ্বর হাইওয়ে আজ সকাল সাড়ে দশটায় থেকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও দূরপাল্লার যাত্রীরা।
আন্দোলনরত কৃষকদের অভিযোগ, জমি প্রস্তুত ও ফসল রোপণের এই সংকটময় সময়ে ডিলাররা সারের কৃত্রিম সংকট তৈরি করছে। ঘরে সার থেকেও আমাদের সার দিচ্ছেন না। জমিতে প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছিনা । সাধারণ দোকানে যেয়েও সার পাচ্ছিনা । আবার ডিলারদের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, অথচ অতি গোপনে কোন কোন কালোবাজারে সার পাওয়া গেলেও তা চড়া দামে সার পাওয়া যাচ্ছে।
বিক্ষোভকালে কৃষকদের স্লোগান দিতে ও তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাদের দাবি— দ্রুত ও পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের সরবরাহ নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট করে সারের দাম বাড়ানো ও কৃত্রিম সংকট তৈরি করা অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সরকারি মূল্যে কৃষকদের হাতে সহজলভ্য করে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা বিক্ষোভকারী কৃষকদের সাথে কথা বলেন এবং দ্রুত সার সংকটের সমাধান ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসের পর কৃষকরা সড়ক অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের মতে, দ্রুত সার সংকটের সমাধান করা না হলে চলতি মৌসুমে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এসএ




Comments