Image description

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের বাড়তি ব্যয়ে চাপে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা—এমন দাবি তুলে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনগণের ওপর অর্থনৈতিক চাপ কমানোর দাবি জানিয়েছেন দলটির নেতারা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন কঠিন করে তুলেছে’

মানববন্ধনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সরকারের উচিত জনগণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত এসব বিষয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া।’ ডা. জাহাঙ্গীর আলম আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানো উচিত। একই সঙ্গে চলমান সংকট মোকাবিলায় বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মদিনা সনদ ও পারিবারিক আইন প্রসঙ্গে বক্তব্য

মানববন্ধনে ডা. জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আগে মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলা হয়েছিল। সে সময় তারা ওই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার ছয় মাসের মাথায় মুসলিম পারিবারিক আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন বা পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।

‘জনগণের পকেট থেকে অর্থ নিয়ে ঘাটতি পূরণ নয়’

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ জনকল্যাণকর নয়।

বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তারা।

একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনারও দাবি জানানো হয়।

ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি আব্দুল হান্নান, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি আমিনুল ইসলামসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ