শ্যামনগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৩৬ দিনে হাসপাতালে ভর্তি ১৯ রোগী
সাতক্ষীরার শ্যামনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৩৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, জনসচেতনতার অভাব এবং বসতবাড়ির আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের কারণেই এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জিয়াউর রহমান জানান, আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে চার শয্যার একটি বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যা সংকটের কারণে অনেককে সাধারণ ওয়ার্ডে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা জুড়ে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হয়েছে এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের তৎপরতা সম্পর্কে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাশেদ হুসাইন বলেন, “পৌরবাসীকে নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব বা পরিত্যক্ত পাত্রে যাতে বর্ষার পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
ডিআর




Comments