Image description

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে টিফিনে খাবার কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক বৃদ্ধ মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃত মোজাম্মেল হক মজা উপজেলার পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। দুপুরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে স্কুলে যায়। সকাল সাড়ে ১০টার দিকে টিফিনের সময় স্কুলসংলগ্ন মোজাম্মেল হকের দোকানে খাবার কিনতে গেলে ওই ব্যবসায়ী শিশুকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত মজাকে হাতেনাতে আটক করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিআর