Image description

বামে ফরিদ আহমেদ ও ডানে আহম্মদ হোসেন মাসুদ

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে একসঙ্গে তিন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুদকে জিএম পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের পাশাপাশি মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব কামরুল হাসানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জিএম পদে নতুন দায়িত্বে আহম্মদ হোসেন মাসুদ

প্রজ্ঞাপন অনুযায়ী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসা ফরিদ আহমেদকে মহাপরিচালকের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি ২০২৫ সালের ২২ জুন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফরিদ আহমেদ বিসিএস ১৮তম ব্যাচের বিসিএস (রেলওয়ে প্রকৌশল : সরঞ্জাম) ক্যাডারের কর্মকর্তা।

অন্যদিকে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুদকে মহাব্যবস্থাপক (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রশাসনিক ও পরিচালন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত হলো।

আহম্মদ হোসেন মাসুদ বর্তমানে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের শেষ দিকে তাঁকে অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম) পদ থেকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) হিসেবে পদায়ন করা হয়।

প্রধান প্রকৌশলী পদেও পরিবর্তন

একই প্রজ্ঞাপনে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) মো. আহসান জাবিরকে প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ)/পশ্চিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন দায়িত্বের পাশাপাশি মধুখালী-মাগুরা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পশ্চিমাঞ্চলের প্রকৌশল বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি দেশের একটি চলমান রেললাইন নির্মাণ প্রকল্পের তদারকির দায়িত্বও তাঁর ওপর থাকছে।

অবিলম্বে কার্যকর

রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ তিন পদে একসঙ্গে এ পরিবর্তনের ফলে সংস্থাটির শীর্ষ পর্যায়ে নতুন দায়িত্ব বণ্টন হলো।

এসএ