ভূরুঙ্গামারীতে বেনামে চিকিৎসা নিতে গিয়ে মাদক কারবারি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয়দের হাতে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক হওয়ার পর এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যান শামীম মিয়া (৩২) নামে এক মাদক কারবারি। পালানোর সময় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বেনামে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙা গ্রামের এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে স্থানীয় জনতা ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শামীম মিয়া (৩২) ও মেহেদী হাসানকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ সময় স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যান শামীম মিয়া। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। তাকে গ্রেফতার করতে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ করতে থাকে পুলিশ। অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ‘উক্ত মাদক কারবারিদ্বয় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে মূলত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে।’
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
ডিআর




Comments