কুমারখালীতে বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন ও লেন্স সংযোজন
কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির। দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছানিরোগীদের চোখের আলো ফিরিয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে আগত ছানিরোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হচ্ছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার আলাউদ্দিন নগরে অবস্থিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ চক্ষু শিবির শুরু হয়। শিবিরটি সোমবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।
তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী শিবিরে যত ছানিরোগী চিকিৎসা নিতে আসবেন, তাদের সবাইকে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের সুবিধা দেওয়া হবে। শিবিরের প্রথম দিনেই কুমারখালীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন।
বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেক দরিদ্র রোগীর জন্য এ ধরনের উদ্যোগ চোখের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা বলেন, তহিরন নেছা হাসপাতাল গত ২২ বছর ধরে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অন্ধত্ব নিবারণের অংশ হিসেবেই বিনামূল্যে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।
আগামীকাল সোমবার পর্যন্ত এ বিনামূল্যের চক্ষু শিবির চলবে।
এসএ




Comments