গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে লাঠি হাতে সড়কে নেমেছেন স্থানীয় ছাত্র-জনতা। ‘মাদকমুক্ত হাসানগঞ্জ চাই’ দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা হাতে লাঠি নিয়ে হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো, নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি আ. রহমান শিপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। হাসানগঞ্জ এলাকাতেও নজরদারি করা হচ্ছে। কোথাও মাদকের সন্ধান পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments