Image description

ময়মনসিংহের সদর উপজেলায় স্কুলে যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সোখিন আরা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকা বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সোখিন আরা আক্তার স্থানীয় ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ নগরীর সাহেব আলী রোডের কায়েস টাওয়ারের বাসিন্দা এবং জয়নাল আবেদিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে সোখিন আরা আক্তার তাঁর কর্মস্থল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি দাপুনিয়া বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি ভয়াবহ গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঝাঁকুনিতে সোখিন আরা আক্তার রিকশা থেকে ছিটকে ব্যস্ত সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, "জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অটোরিকশা থেকে পড়ে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা সিএনজি তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

ডিআর