Image description

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে কেক কাটা ও এক আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির এই উৎসবমুখর দিনটি পালন করা হয়।

দৈনিক মানবকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি ইসলাম মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক মানবকণ্ঠ নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের সংবাদজগতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের প্রকৃত কথা তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার এই ধারা আগামী দিনেও পত্রিকাটি অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সভাপতি জিএএম আশেক উল্লাহ, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাসিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, আনছার হোসেন, ও মোস্তফা সরওয়ার।

এ ছাড়াও দৈনিক হিমছড়ির নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি এম ইউ আর মাসুদ, দৈনিক বণিক বার্তার সৈয়দ আলম, মোহনা টিভির আমানুল হক বাবুল, মাই টিভির শাহ আলম এবং নয়া দিগন্তের আতিকুর রহমান মানিকসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা শেষে অতিথিরা সকলে মিলে কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।