Image description

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে ধানগড়া পালপাড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি সূত্রে জানা গেছে, গত বছর রায়গঞ্জে ৮৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১টিতে। নতুন আটটি মণ্ডপ যুক্ত হওয়ায় এবার পূজার আয়োজন ও প্রস্তুতিতে বাড়তি ব্যস্ততা দেখা গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মণ্ডপে প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ। কোথাও বাঁশ ও কাপড় দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে, আবার কোথাও চলছে বৈদ্যুতিক আলোকসজ্জার কাজ। দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে মণ্ডপের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

ধানগড়া পালপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রণজিৎ পাল (৬৫) ও তাঁর ছেলে রনি পাল (২৭)। বাঁশ, কাঠ, খড় ও সুতলি দিয়ে কাঠামো তৈরির পর তাতে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিমায় রং, অলংকার ও অন্যান্য সাজসজ্জার কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা সরবরাহ করতে দিন-রাত কাজ করছেন তাঁরা।

রণজিৎ পাল ও রনি পাল বলেন, পূজার আগে প্রতিমার কাজ শেষ করতে তাঁদের ব্যস্ততা বেড়ে গেছে। কাঠ, বাঁশ, খড়, রং ও অন্যান্য উপকরণের পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন খরচও বেড়েছে। এতে আগের তুলনায় প্রতিমা তৈরিতে ব্যয় বেশি হচ্ছে। তবে সে অনুপাতে প্রতিমার পারিশ্রমিক না বাড়ায় তাঁদের লাভ কমে যাচ্ছে।

মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির প্রধান উপকরণ মাটি হলেও এর সঙ্গে কাঠ, বাঁশ, খড়, রং ও বিভিন্ন ধরনের সাজসজ্জার সামগ্রীর প্রয়োজন হয়। এসব উপকরণের দাম ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

রায়গঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি পদপ্রার্থী সঞ্জয় চন্দ্র ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাম সরকার বিপ্লব বলেন, উপজেলার সব মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ধানগড়া পালপাড়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিমাশিল্পী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

নতুন আটটি মণ্ডপ যুক্ত হওয়ায় এবার রায়গঞ্জে দুর্গাপূজার আয়োজন আরও বিস্তৃত হয়েছে। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, মণ্ডপের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজেও ততই বাড়ছে ব্যস্ততা।

এসএ