জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে
মাদারীপুরে এমপি খোকন তালুকদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ খুঁজে না পেয়ে এখন ‘সংস্কার’কে সামনে রেখে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বিসি কর্নপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “বিগত দিনে আপনারা দেখেছেন, পিআর-এর নামে তারা অনেক কথা বলেছে—নির্বাচনে আসবে না। কিন্তু তারা ঠিকই নির্বাচনে অংশ নিচ্ছে। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলেই তারা মুখ দিয়ে জনপ্রিয়তা লাভ করতে চায়। কেবল কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লোটার চেষ্টা করছে তারা।”
আইনি প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আইনের কিছু সমাধান রয়েছে, সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পন্ন করব। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, সংবিধান সংস্কারের যতগুলো ধারা রয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি এটি জাতির সামনে স্পষ্ট করেছেন, এখানে লুকোচুরির কিছু নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমারাত হোসেন খান, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, সালাম খান ও ইরান তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এসএ




Comments