মোহনগঞ্জে রাতের আঁধারে সরকারি চাল পাচারের চেষ্টা
১১ বস্তা উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি চাল রাতের আঁধারে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় ১১ বস্তা চাল রাস্তায় ফেলে পালিয়ে যায় কথিত পাচারকারীরা। পরে পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে চালগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া করলে সংশ্লিষ্টরা চালের বস্তাগুলো রাস্তায় ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, উদ্ধার করা ১১ বস্তা চাল বর্তমানে থানায় রয়েছে। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা খাতুন বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments