Image description

কক্সবাজারের উখিয়ায় একই দিনে সাগরপাড়ের পৃথক দুটি এলাকা থেকে তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে মাত্র এক দিন আগে টেকনাফের বাহারছড়া উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে দুইজন নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনার পর উখিয়ার সাগরপাড় থেকে একসঙ্গে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানান।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

এর প্রায় তিন ঘণ্টা পর একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। ওই দুটি মরদেহেরও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি মরদেহের মধ্যে এখন পর্যন্ত কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ব্যক্তিগুলো কতদিন আগে মারা গেছেন বা কীভাবে মরদেহ সাগরপাড়ে এসেছে, তা ময়নাতদন্ত ও তদন্তের পর স্পষ্ট হবে।

এদিকে গত ২১ সেপ্টেম্বর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। পরদিন ওই ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সাগরে ভাসতে থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক নারী তখনও নিখোঁজ ছিলেন।

ঘটনার পর উখিয়ার সাগরপাড়ে পরপর তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়টি স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে মরদেহ তিনটির সঙ্গে টেকনাফের নৌকাডুবির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধান পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, "সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে।"

তিনি বলেন, "মরদেহগুলোর পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। পাশাপাশি ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের ক্ষেত্রে মরদেহের শারীরিক বৈশিষ্ট্য, পোশাক ও অন্যান্য আলামত যাচাই করা হবে। প্রয়োজন হলে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে মরদেহ শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর কারণ ও আনুমানিক সময় সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

উপকূলীয় এলাকায় একসঙ্গে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় সাগরপথে সাম্প্রতিক দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনাগুলোর সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিআর