নীলফামারীর ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় আশিক মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডোমার পৌর এলাকার ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ডোমার পৌর এলাকার ছোট রাউতা ডাঙ্গাপাড়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষককের কাছে প্রাইভেট পড়া শেষে আশিক বাড়ি ফিরছিল। পথিমধ্যে ডোমার-জলঢাকা সড়কের ছোট রাউতা একরামিয়া কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান গেটের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আসগর আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
ডিআর




Comments