Image description

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব।

সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ, যুগ্ম আহ্বায়ক খালেদ বিন তিবরিজ তুষার এবং জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম বলেন, ‘‘খুনি হাসিনা দেশকে পঙ্গু করে দিয়ে গেছেন। অর্থনৈতিক অবস্থা নাজুক করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুর্নগঠন এবং উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করছেন। একজন প্রধানমন্ত্রীর দেড়’শ টাকার দুপুরের খাবার যার জলন্ত উদাহরণ। ’’

তিনি আরও বলেন, একটি পক্ষ বিভিন্ন ভাবে ট্রেনে আগুন গিয়ে ও ককটেল মেরে সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ডিআর