Image description

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসতঘরের পাশে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত কোনো প্রাণীর বিষাক্ত কামড়ে রাইসা মনি নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহেয়ার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা মনি উপজেলার সেনের হাওলা গ্রামের জেলে রাকিব মল্লিকের মেয়ে। মাছ শিকারের সুবাদে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চরহেয়ার এলাকায় অস্থায়ী বসতিতে বসবাস করে আসছিলেন রাকিব মল্লিক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বসতঘরের পাশে খেলাধুলা করছিল শিশু রাইসা। খেলাধুলার সময় হঠাৎ একটি গর্তের ভেতরে হাত দিলে ভেতরে থাকা কোনো প্রাণী তার হাতে কামড় দেয়। কামড় খেয়ে শিশুটি চিৎকার করতে করতে মায়ের কাছে ছুটে যায়।

পরে তার মা হাতে কামড়ের ক্ষত স্থান দেখতে পেয়ে দ্রুত সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন। তবে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্বজনেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশ্য নিয়ে রওনা হন। কিন্তু পথিমধ্যেই শিশু রাইসা মনির মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, গর্তের ভেতরে থাকা কোনো বিষধর সাপ কিংবা মারাত্মক বিষাক্ত পোকামাকড় শিশুটিকে কামড় দিয়েছে। তবে কামড় দেওয়া প্রাণীটির সুনির্দিষ্ট পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ডিআর