Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কাটার কর্মসূচি পালনের সময় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিল চলাকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ওই সাত নেতাকর্মীকে আটক করে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’’

এদিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে অপর একটি মিছিল বের করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে কেক কাটেন। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল থেকে রঙিন ধোঁয়া উড়িয়ে স্লোগান দেওয়া হয় এবং কেক কাটা হয়। এ ছাড়া শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে মিছিল বের হয়ে মহাসড়কে গিয়ে শেষ হয়।

জেলার অন্যান্য স্থানেও ছাত্রলীগের ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে, যার ভিডিওচিত্র পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডিআর