কাপ্তাইয়ের সীতা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
ঝুলানো হলো সতর্কতামূলক বিলবোর্ড
রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংরক্ষিত বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং ঘুরতে আসা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। বনাঞ্চলের ভেতরে পর্যটকদের অবাধ যাতায়াত ও অননুমোদিত প্রবেশ ঠেকাতে সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথে সতর্কতামূলক নির্দেশনাসংবলিত বিলবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ।
বন বিভাগ সূত্রে জানা যায়, শীত মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে কাপ্তাইয়ের দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অ্যাডভেঞ্চার বা ট্রেকিংয়ের নামে নিয়মবহির্ভূতভাবে একশ্রেণির পর্যটক প্রবেশ করছেন। সঠিক পথ চেনা না থাকায় প্রায়শই পর্যটকদের পথ হারিয়ে ফেলা ও পাহাড়ের খাদে দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
সর্বশেষ গত ২৯ আগস্ট সীতা পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়ি ট্রেইলে নামার সময় সন্ধ্যার দিকে পথ হারিয়ে বিপদে পড়েন কয়েকজন তরুণ পর্যটক। ওই সময় অসাবধানতাবশত পাহাড় থেকে পিছলে পড়ে এক পর্যটক গুরুতর আহতও হন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা দ্রুত দুর্গম পাহাড়ে উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনেন। এ ধরনের ক্রমাগত দুর্ঘটনা রোধ এবং বনের বন্যপ্রাণী ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় এবার কঠোর পদক্ষেপ নিল বন বিভাগ।
এ বিষয়ে কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট কর্মকর্তা মোহাম্মদ মিঠু তালুকদার জানান, “কাপ্তাই সীতা পাহার সংরক্ষিত বনাঞ্চলের সুরক্ষা এবং সাধারণ মানুষের ভ্রমণকালীন ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বনের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টানানো বিলবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সংরক্ষিত বনাঞ্চলে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।বন বিভাগের আশা, সাধারণ মানুষ ও পর্যটকরা এই নিষেধাজ্ঞা মেনে চললে একদিকে যেমন বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে পর্যটকরাও বড় ধরনের বিপদের হাত থেকে সুরক্ষিত থাকবেন।”
ডিআর




Comments