২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা! মাগুরায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে কাণ্ড
মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিদ্যুৎ বিল হাতে পেয়ে চরম হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছেন এক গ্রাহক। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামে অবলীল এ ভুতুড়ে বিলের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মোছা. আলেয়া খাতুন ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী। তাঁর নামে সেপ্টেম্বর ২০২৬ মাসের এই অবিশ্বাস্য বিলটি ইস্যু করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিস।
বিলের বিস্তারিত তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০। সেই হিসাবে এক মাসে ওই গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ খরচ হয় মাত্র ২৩৫ ইউনিট। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ হিসেবেই দেখানো হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা! এর সাথে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড় করানো হয় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ বিল ধরা হয়েছিল ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা!
অথবা ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের মূল প্রকৃত বিল ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা (বিলম্ব মাশুলসহ ২ হাজার ৫৬ টাকা)।
ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা শুধু ভূতুড়ে বিল নয়, একেবারে আজগুবি কাণ্ড। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে কয়েক দিন ধরে আমাদের পুরো পরিবারকে মানসিক যন্ত্রণা ও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।"
বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হলে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসে ডেকে এনে ভুল সংশোধনপূর্বক ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল প্রদান করা হয় এবং গ্রাহক উক্ত বিল পরিশোধ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, কম্পিউটারে ডাটা এন্ট্রির সময় কর্মীদের টাইপিং ভুলের (Typing Error) কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভুল জানার পরপরই গ্রাহকের বিলটি সংশোধন করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলা ও কম্পিউটারে ডাটা এন্ট্রিতে ভুল করা সংশ্লিষ্ট কর্মীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিআর




Comments