টাঙ্গাইলের সখীপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিরাজুল ইসলাম আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩) অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় সিরাজুল ইসলাম ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments