Image description

সরকারি ওয়েবসাইটে কর্মকর্তাদের পুরোনো তথ্য থাকায় তথ্য ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে দিনাজপুরের ফুলবাড়ী থানায়। জাতীয় তথ্য বাতায়নে থানার ‘কর্মকর্তাবৃন্দ’ পাতাটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে ২৯ জানুয়ারি ২০২৬। এরপর বিভিন্ন পদে কর্মকর্তা পরিবর্তন হলেও সংশ্লিষ্ট ওয়েবপেজে তথ্য সংশোধন করা হয়নি।

ফুলবাড়ী থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম গত ১৫ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের দেড় মাসের বেশি সময় পার হলেও ওয়েবসাইটে কর্মকর্তাদের তথ্য হালনাগাদ না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি দপ্তরে কর্মকর্তা পরিবর্তনের পর সংশ্লিষ্ট তথ্য সময়মতো সংশোধন করা নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। অথচ এ ক্ষেত্রে বিলম্ব হওয়ায় তথ্য হালনাগাদ কার্যক্রমের গতি ও তদারকি নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ধীরে ধীরে কাজ হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সমস্যাটি সমাধান করা হবে।”

জাতীয় তথ্য বাতায়ন সরকারি দপ্তরের তথ্য জানার পাশাপাশি প্রয়োজনীয় যোগাযোগের অন্যতম মাধ্যম। সেখানে কর্মকর্তাদের নাম, পদবি ও যোগাযোগের তথ্য পুরোনো থাকলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে গিয়েও ভোগান্তির আশঙ্কা থাকে।

ডিজিটাল সেবার কার্যকারিতা নিশ্চিত করতে শুধু ওয়েবসাইটে তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়, তা নিয়মিত হালনাগাদ রাখাও জরুরি। তাই ফুলবাড়ী থানার ওয়েবপেজে কর্মকর্তাদের তথ্য দ্রুত সংশোধন এবং এ ধরনের বিলম্ব এড়াতে কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি উঠেছে।

এসএ