Image description

টাঙ্গাইলের সখীপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন ময়মনসিংহের মো. আশরাফুল আলম (৩৯), কুমিল্লার মো. রাজু ইসলাম (৩০) এবং টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা হেলাল মিয়া (৪২)।

এসআরবি জানায়, রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩-এর একটি দল সখীপুরের বেতুয়া তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন কাভার্ডভ্যান ও সেটির পেছনে থাকা মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি শুরু করলে চালক ও আরোহীরা মাদকের কথা স্বীকার করেন। পরে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, "এসআরবি গভীর রাতে বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে। পরে উদ্ধার করা আলামতসহ আসামিদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়।"

ওসি মুরাদ হোসেন আরও বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এই চক্রের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

ডিআর