Image description

লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এক স্থানীয় নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যোগদানকারী ওই নেতার নাম সেলিম উদ্দিন রমিজ। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার আলী উদ্দিনের ছেলে। ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে যোগদান করেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম উদ্দিন রমিজ এতদিন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৮ সাল থেকে প্রথমে ওই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের স্থানীয় সকল রাজনৈতিক সভা-সমাবেশ ও আন্দোলনে তাঁর প্রত্যক্ষ উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত রয়েছে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি রমিজ স্থানীয় চরবসু পাটোয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত আছেন।

সরকারি চাকরিরত অবস্থায় এবং দীর্ঘদিনের আওয়ামী লীগ দলীয় ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও হঠাৎ জামায়াতে যোগদানের ঘটনাটি সামনে এলে এলাকায় রাজনৈতিক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে সেলিম উদ্দিন রমিজ বলেন, "পরিস্থিতির শিকার হয়ে আমি জামায়াতে যোগ দিয়েছি। দলটির কোনো পদ-পদবি বা দায়িত্বে নেই, কেবল সমর্থক হিসেবে যুক্ত আছি।"

তবে বিষয়টি সম্পর্কে জানতে উপজেলা জামায়াতের আমীর আবুল খায়েরের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিআর