Image description

গাইবান্ধায় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতা আফজাল হোসেন ওরফে মমিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত মমিন এসআরবিতে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন। পরে রংপুর, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ভুয়া সিম কার্ড ব্যবহার করে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখাতেন। এভাবে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় এসআরবি গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং প্রতারক চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গাইবান্ধা পৌরসভার বন বিভাগ রোডের দক্ষিণ ধানঘড়া গ্রামের ‘ভাই-বোন ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালান। এ সময় প্রতারণা চক্রের মূলহোতা মমিনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় আটক মমিনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছে। পরে জব্দ করা আলামতসহ তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।

এসএ