Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্বামী আব্দুল জলিলের (৭০) দাফন সম্পন্ন হওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় মৃত্যুবরণ করেছেন তাঁর স্ত্রী আমিনা বেগম (৬০)। ভালোবাসার এমন অনন্য ও বিরল অবসান দেখতে সাহাবাজ (মতিনবাজার) গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর সমবেদনার সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। এর ঠিক আড়াই ঘণ্টার মাথায় স্বামী আব্দুল জলিলও স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে দুজনকেই উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সম্প্রতি আব্দুল জলিলকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল।

সোমবার (০৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বামী আব্দুল জলিল। পরদিন মঙ্গলবার বিকেল ৪টায় তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে স্বামীর দাফনের বিষাদ কাটার আগেই, বিকেল ৫টার দিকে মারা যান স্ত্রী আমিনা বেগম। পরে মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে একই পারিবারিক কবরস্থানে স্বামীর পাশেই তাঁকে দাফন করা হয়।

মৃত দম্পতির সন্তান আলম মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। এক দিনেই দুজনকে হারিয়ে তাঁরা এতিম হয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর এমন মৃত্যু খুবই বিরল ও বেদনাদায়ক ঘটনা।

ডিআর