গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর শিল্প পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ‘সি স্টেজ বিডি লিমিটেড’ পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত মঙ্গলবার তাঁরা বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও পরে বুধবার পরিশোধের নতুন তারিখ জানায়। কিন্তু বুধবারও বেতন দেওয়া হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, বকেয়া বেতনের দাবিতে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেওয়া হয়। তবে তাঁরা মহাসড়ক ছাড়েননি। জনদুর্ভোগ কমানো ও যান চলাচল স্বাভাবিক করতে পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, কারখানা কর্তৃপক্ষ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকদের মধ্যে কারখানা থেকে গোপনে মেশিনপত্র সরিয়ে নেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সঠিক নয় বলেও জানান তিনি।
এনএ




Comments