Image description

ময়মনসিংহের ভালুকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক চুরি এবং নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করার জেরে নারী উদ্যোক্তা সাথী আক্তারের ওপর হামলা, হুমকি ও দেড় লাখ টাকা চাঁদা দাবির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়ে পুলিশি গ্রেপ্তার ও কারাবাসের শিকার হয়েছেন ওই নারী উদ্যোক্তা।

বুধবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের একটি আদালত ৫০০ টাকার মুচলেকায় নিজ জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেছেন। তাঁর আইনজীবী অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ নভেম্বর ধার্য করা হয়েছে।

ভুক্তভোগী সাথী আক্তার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেসে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। প্রায় ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনা করা এই নারী উদ্যোক্তা জানান, সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এমনকি তিনটি শোরুমের এসির তার ও বিদ্যুতের মিটার থেকে তার কেটে নেওয়ার মতো ঘটনাও ঘটে, যার ফলে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ থেকেই গত ২৫ অক্টোবর তিনি ফেসবুকে লাইভে এসে নিজের দুরবস্থার কথা তুলে ধরেন।

সাথী আক্তারের ছেলে মো. জুনায়েদ অভিযোগ করে বলেন, ফেসবুকে লাইভ দেওয়ার পর স্থানীয় কিছু নেতাকর্মী তাদের দোকানে এসে হাঙ্গামা করেন এবং ইব্রাহিম নামের এক ব্যক্তির নেতৃত্বে তাঁর মায়ের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় এবং চাঁদা দাবির সেই কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড হয়ে যাওয়ায় জোরপূর্বক মোবাইলটি কেড়ে নেওয়া হয়। পরে রাত ১০টার পর স্থানীয়রা ও পুলিশ তাকে থানায় সোপর্দ করে।

এদিকে বিএনপির দুঃসময়ের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা উল্লেখ করে সাথী আক্তার আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমি এই দলকে ভালোবাসি। দলের দুঃসময়ে যখন অনেকে ভয়ে কথা বলতো না, তখন আমি নেত্রীর জন্য আন্দোলনে ছিলাম। আজ সেই দলের নেতাকর্মীদের হাতেই আমাকে অপদস্থ হতে হয়েছে।”

সাথীর আইনজীবী অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন আহমেদ জানান, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। একজন নারী উদ্যোক্তা ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে মতামত প্রকাশ করায় তাঁকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল পুলিশের, অথচ উল্টো তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ অক্টোবর পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে আদালতে পাঠায়। পরবর্তীতে আদালত পুলিশের প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্যের ঘাটতি থাকায় বুধবার ৫০০ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য না থাকলেও লাইভকে কেন্দ্র করে স্থানীয় উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়েছিল।

ডিআর