Image description

গাজীপুরের কালীগঞ্জে একটি ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনার ১৪ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া এলাকার বোয়ালী মোড়ের বিপরীত পাশে অবস্থিত ‘সুবহান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টার মধ্যে ডাকাতরা দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম একটি ট্রাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানটির মালিক সালাউদ্দিন আকন্দের অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মুত্তাজুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান (৪০), পিতা মৃত আলতাব হোসেন ও মাতা রাশেদা বেগম এবং মো. মিলন মিয়া (৪৫), পিতা মৃত মুনসুর আলী ও মাতা মোছা. ইফেলা বেগম।

পুলিশের অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং লুণ্ঠিত মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বসতবাড়ি ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থান থেকে লুণ্ঠিত মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সুপারস্টার ক্যাবল, আকিজ ব্র্যান্ডের বৈদ্যুতিক তার ও এসএম ক্যাবল। তবে উদ্ধার হওয়া মালামালের সুনির্দিষ্ট পরিমাণ ও আর্থিক মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ