Image description

শীতের সময় ত্বকের মতো চুলেরও বাড়তি যত্নের প্রয়োজন হয়। তবে বাড়তি যত্ন নিতে গিয়ে অনেকেই কিছু ভুল করেন, যা চুলকে রুক্ষ করে তোলে এবং চুল পড়া বাড়িয়ে দেয়। এ মৌসুমে সুস্থ ও সুন্দর চুল রাখতে নিচের ভুলগুলো এড়িয়ে চলা জরুরি-

১. অতিরিক্ত গরম পানি ব্যবহার করা 

শীতে অনেকে গোসলের জন্য খুব গরম পানি ব্যবহার করেন। কিন্তু এতে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় এবং স্ক্যাল্প শুষ্ক হয়ে পড়ে। ফলে চুল রুক্ষ হয়ে যায় ও চুল পড়া বেড়ে যায়। তাই অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে, কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। ঠান্ডা পানির সঙ্গে অল্প গরম পানি মিশিয়ে মাথায় ঢালুন। 

২. শ্যাম্পুর আগে তেল না দেওয়া

শ্যাম্পু করার আগে তেল মাখা জরুরি। এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, গোড়া মজবুত করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। তা ছাড়া স্ক্যাল্পে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হবে। হট অয়েল ম্যাসাজ করলে বেশি উপকার পাবেন।

৩. রোজ শ্যাম্পু করা

শীতে চুলে বেশ ময়লা জমে। তাই অনেকে রোজ শ্যাম্পু করেন। কিন্তু এটি করা যাবে না। সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন। চুলের শুষ্ক ভাব এড়াতে ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা জরুরি। তাই সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। প্রয়োজনে সপ্তাহে একদিন ক্লারিফাইং শ্যাম্পু এবং একদিন হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করুন। 

৪. কন্ডিশনার ব্যবহার না করা

সময়ের অভাবে অনেকে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করেন না। এতে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল ভেঙে পড়া বাড়ে। তাই চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত ভালো করে কন্ডিশনার মাখুন। ২-৩ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন। কন্ডিশনার চুলের ময়েশ্চার ধরে রাখে। শুষ্ক আবহাওয়ার মধ্যেও চুলকে নরম ও কোমল রাখে।

৫. হেয়ার ড্রায়ার ও স্টাইলিং টুলস ব্যবহার করা

হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার কার্লারের তাপ চুলকে আরও ক্ষতিগ্রস্ত করে। শীতকালে চুল এমনিতেই শুষ্ক থাকে, তাপের কারণে তা আরও রুক্ষ হয়ে ওঠে। সম্ভব হলে চুল বাতাসে শুকাতে দিন। বাইরে গেলে চুল বেঁধে রাখুন এতে চুল কম ক্ষতিগ্রস্ত হয়।

শীতে চুলের যত্নে ছোট ছোট এই বিষয়গুলো মেনে চললে সহজেই চুল থাকবে নরম, প্রাণবন্ত ও সুস্থ।