Image description

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই মামলার ২৬ জন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ২৫ জন আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি (শুক্রবার) গাইবান্ধা জেলার তিন উপজেলার ৫১টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৫১ জনকে আটক করা হয়। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।

আটকের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পুলিশ আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত ২৬ জনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি ২৫ আসামির মধ্যে কয়েকজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী ২৬ জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং নারীসহ ২৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিয়োগ পরীক্ষায় এই বড় ধরনের জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা রিমান্ড চলাকালীন বের করার চেষ্টা করবে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর