সিদ্ধিরগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ অফিস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে গিয়ে চরম অব্যবস্থাপনা ও কর্মকর্তাদের অনুপস্থিতি প্রত্যক্ষ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (৪ মার্চ) সকালে পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অফিস তালাবদ্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে উপস্থিত নেই।
সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পৌঁছান। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও তিনি প্রায় ৩০ মিনিট কার্যালয়ের সামনে অপেক্ষা করেন। পরে সকাল ৯টা ২৫ মিনিটে একজন কর্মচারী এসে তালা খুললে তিনি ভেতরে প্রবেশ করেন।
পরিদর্শনকালে দেখা যায়, ভূমি অফিসের নায়েব মো. নাছির উদ্দিন সকাল পৌনে ১০টায় এবং সহকারী নায়েব ওমর ফারুক সকাল ১০টায় কর্মস্থলে আসেন। নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী এবং তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে স্থানীয় সেবাগ্রহীতারা কার্যালয়ে ভিড় করেন। তারা দীর্ঘদিনের অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সারা দেশের ভূমি অফিসগুলো নিয়ে নানা অভিযোগ রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এসব অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে এবং জনসেবায় কোনো গাফিলতি সহ্য করা হবে না।
অফিস খোলার পর তিনি বিভিন্ন নথিপত্র ও রেকর্ড রুম পরিদর্শন করেন। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে এ ধরনের আকস্মিক তদারকি দেশব্যাপী অব্যাহত থাকবে।




Comments