Image description

খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের ‘নিচ খামার’ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নগরীর নিচ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে একটি তল্লাশিতে দুই মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর অন্য একটি গাড়িতে তল্লাশি চালানোর সময় সুরাইয়া পারভীন সুমিকে আটক করা হয় এবং তার কাছ থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এই নারী কোনো বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত নারীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/ডিআর