Image description

বিয়ের বাড়ির আলোকসজ্জা আর আনন্দ-উচ্ছ্বাস মুহূর্তেই ম্লান হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত অসুস্থতায়। নেত্রকোনায় বিয়ের খাবার খেয়ে অন্তত ২০ জন বরযাত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবারের বিষক্রিয়া (ফুড পয়জনিং) থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার (৫ এপ্রিল) জেলার মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার শুনই এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের মানসা গ্রামে বিয়ে করতে যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

ভুক্তভোগীদের পরিবার জানায়, খাবার খেয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অতিথিদের মধ্যে শারীরিক অস্বস্তি দেখা দেয়। অনেকের দফায় দফায় বমি শুরু হয় এবং বেশ কয়েকজনের তীব্র ডায়রিয়া ও পেটব্যথা দেখা দেয়। অসুস্থতা গুরুতর আকার ধারণ করলে তাৎক্ষণিকভাবে ২০ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন এক বরযাত্রী বলেন, "খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পেটব্যথা আর বমি শুরু হয়। আনন্দ করতে এসে এখন হাসপাতালের বেডে শুয়ে থাকতে হচ্ছে।" এই ঘটনায় বর ও কনে—উভয় পক্ষেই এখন বিষাদের ছায়া নেমে এসেছে।

বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর