Image description

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরুপা বাজার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৪ মে) দুপুরে শহরের কাঁঠালতলী ও বনরুপা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, নবঘোষিত জেলা ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে গত দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার দুপুরে পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নিলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যায়।

বিকেল ৩টার দিকে নতুন কমিটির সমর্থকরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে বনরুপা এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার জেরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভা চত্বর থেকে বনরুপা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। কোনো ধরণের সভা-সমাবেশ বা জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর