রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ‘হালিম গ্রুপ’-এর প্রধান নিহত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী ‘হালিম গ্রুপ’-এর প্রধান কেফায়েত উল্লাহ ওরফে হালিমকে (৩৫) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ মে) রাত পৌনে আটটার দিকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৮/ইস্টের পরদার ব্রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কেফায়েত উল্লাহ মোটরসাইকেলযোগে ক্যাম্প-৮/ইস্ট থেকে ক্যাম্প-৭ এর দিকে যাচ্ছিলেন। পথে পরদার ব্রিজ এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এপিবিএন অধিনায়ক আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা শনাক্ত করতে কাজ শুরু করেছে এপিবিএন ও স্থানীয় থানা পুলিশ।
উল্লেখ্য, উখিয়ার ক্যাম্প-২, ৭ ও ৮/ইস্টে ‘হালিম গ্রুপ’ একটি সশস্ত্র ও ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। এই গ্রুপটির বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, ইয়াবা কারবার এবং সাধারণ রোহিঙ্গাদের ওপর অবর্ণনীয় নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের ফলে ক্যাম্প এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments