Image description

দিনাজপুরের বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন স্থানীয় চার প্রভাবশালী নেতা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিরল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব এম আব্দুল লতিফ।

তারা হলেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রূপালী বাংলা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ ও মাহমুদা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রুমানা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন- আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। এরই সাথে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম যা আমাদের সমাজের সাধারণ মানুষের মাঝে ভালোভাবে নেওয়া হচ্ছে না। তাই আমরা এখন থেকে আর কোনদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবো না, বলে ঘোষণা করেন। পাশাপাশি অতীতের কোন পদ পদবী অদ্য হতে আর কোথাও ব্যাবহার না করারও ঘোষণা দেন। ঘোষণা পরবর্তী হতে তারা সাধারণ মানুষের ন্যায় চলাফেরা এবং জীবিকা নির্বাহের এবং ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাব মুক্ত ভাবে পরিচালনা করবেন বলেও জানান।

পরিশেষে তারা অদ্য হতে তাদের সকল রাজনৈতিক পরিচয় থেকে অব্যাহতি নিয়ে। সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করে সর্বমহলে সাধারণ মানুষ এর ন্যায় জীবনযাপনে অঙ্গিকার করেন।