Image description

কোরবানির পশুর হাট শেষ হতে না হতেই বগুড়ার রাজপথে বসেছে সংগৃহীত মাংসের বাজার। কিন্তু ত্যাগের মহিমার এই হাটেও এবার স্বস্তি নেই। কসাইয়ের দোকানের চেয়েও চড়া দামে, অর্থাৎ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস! কেন এই আকাশচুম্বী দাম?

বগুড়ার রেলঘুমটি থেকে সাতমাথা—রাস্তার মোড়ে মোড়ে বসেছে কোরবানির সংগৃহীত মাংসের অস্থায়ী হাট। যারা কোরবানি দিতে পারেননি, সেই মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা এই বাজার। কিন্তু এবারের চিত্রটা ভিন্ন।

যে মাংস অন্য বছরগুলোতে সস্তায় মেলে, এবার তার কেজি হাঁকা হচ্ছে ৮০০ টাকা। বিক্রেতাদের দাবি, মানুষের আয় কমায় এবার কোরবানি কম হয়েছে, ফলে বাজারে মাংসের সরবরাহও কম। মাংসের এই অস্বাভাবিক দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তাদের মতে, কোরবানির মাংস যেখানে সস্তায় পাওয়ার কথা, সেখানে মৌসুমি বিক্রেতারা কসাইয়ের দোকানের চেয়েও বেশি দাম রাখছেন।

একদিকে পশুর বাড়তি দাম, অন্যদিকে সংগৃহীত মাংসের চড়া দর—সব মিলিয়ে যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্য ৮০০ টাকার এই কেজি যেন বিষাদের সুর হয়ে বেজেছে এবারের ঈদে।

মানবকণ্ঠ/আরআই