রাষ্ট্র শিশু ধর্ষণ ঠেকাতে পারে না, সিনেমা বন্ধে কেন সক্রিয়: রুমিন ফারহানা
যে রাষ্ট্র ছয় বছরের শিশুকে ধর্ষণ থেকে রক্ষা করতে পারে না, যে রাষ্ট্র দুর্নীতি ও ব্যাংক লুট বন্ধ করতে ব্যর্থ, সেই রাষ্ট্র একটি চলচ্চিত্র বন্ধ করতে কেন এত সক্রিয়—এমন প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহবাজপুর ইউনিয়নের ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
রুমিন ফারহানা বলেন, "‘বনলতা এক্সপ্রেস’ একটি সুস্থ ধারার পারিবারিক চলচ্চিত্র। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি সিনেমা কেন বন্ধ করে দেওয়া হলো, তার উত্তর আজও মানুষ খুঁজছে।"
দেশে উগ্রপন্থার উত্থান ও সাংস্কৃতিক অসহনশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "সাম্প্রতিক সময়ে আমরা মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো ঘটনা দেখেছি। অথচ বাংলাদেশের চিরায়ত পরিচয় এমন ছিল না। এ দেশে একসময় মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের ধ্বনি যেমন শোনা যেত, তেমনি শিশুদের গান শেখার সুরও ভেসে আসত। এটাই ছিল এ দেশের প্রকৃত সৌন্দর্য। কিন্তু এখন একটি গোষ্ঠী দেশকে সংকীর্ণ চিন্তার দিকে ঠেলে দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনিসংকেত।"
উল্লেখ্য, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহলের বিরোধিতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে শেষ মুহূর্তে প্রদর্শনীটি স্থগিত করা হয়। মানববন্ধনে বক্তারা সেন্সর অনুমোদিত এই চলচ্চিত্রের প্রদর্শনী নিশ্চিত করতে এবং সাংস্কৃতিক স্বাধীনতার নিরাপদ পরিবেশ তৈরির দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন ফেরদৌস রহমান, ফাহিম মুনতাসির, ইফতিকার জাবেদ এবং দূর্জয় মাহমুদ।
মানবকণ্ঠ/ডিআর




Comments