Image description

নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে সংঘটিত মারামারিতে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দুই পক্ষের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের আঘাতে জামাল মিয়া গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর মূল অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও তাঁর স্ত্রী অজু আক্তারকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর